চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১১৯০

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ১ হাজার ১৯০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৭৮ জন, পূর্ববর্তী মামলায় ৭৬ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৮ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৬ জন, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৫ জন, পরোয়ানামূলে ১৬৬ জন এবং সাজা পরোয়ানামূলে ২৩ জন রয়েছেন।

এছাড়া মাদক মামলায় ৮৫ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ১৩০ জনকে গ্রেফতার করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪২ জনকে কারাদণ্ড এবং ১৯ হাজার ২১০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকদ্রব্য সংক্রান্ত ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে ১ লাখ ১০ হাজার ৪৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১০৬ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৩০ লিটার চোলাই মদ এবং ২৭০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে পাঁচ জন, কুমিল্লায় চার জন, ব্রাহ্মণবাড়িয়ায় এক জন, চাঁদপুরে দুই জন, নোয়াখালীতে দুই জন, লক্ষ্মীপুরে দুই জন এবং খাগড়াছড়িতে এক জন রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭৩ জনের মধ্যে ৪৪৭ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে এবং ২২৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক আটক কিশোর গ্যাং সদস্যদের মধ্যে চট্টগ্রামে ৯৫ জন, কক্সবাজারে ৩৫ জন, কুমিল্লায় ২৬৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ জন, চাঁদপুরে ৪৬ জন, নোয়াখালীতে ৫৯ জন, ফেনীতে ১৭ জন, লক্ষ্মীপুরে ৮৯ জন, রাঙ্গামাটিতে ১৫ জন, খাগড়াছড়িতে নয় জন ও বান্দরবানে ২৬ জন রয়েছেন।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights