সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি
নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ার চলনবিলে পাখি শিকারে বাধা দেওয়ায় শহিদুল ইসলাম (৪০) নামের এক মাছচাষীকে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক সজিব ইসলামের বিরুদ্ধে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ চক আদিত্য খড়পাড়া পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।
আহত মাছচাষি শহিদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত জসমত আলীর ছেলে। অভিযুক্ত পাখি শিকারি সজিব ইসলাম একই গ্রামের শাহীন মেকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সজিব তার বাবার এয়ারগান নিয়ে প্রতিবেশী শহিদুল ইসলামের পুকুরে পাখি শিকারে যান। এ সময় শিকারে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সজিব এয়ারগান দিয়ে ওই মাছ ব্যবসায়ীর বুকে গুলি করেন। এতে মাছ ব্যবসায়ী শহিদুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রামেক হাসপাতালে পাঠাতে বলেন।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, পাখি শিকার বন্ধে তৎপরতার মধ্যেও অনেকে গোপনে পাখি শিকার করছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। দ্রুত ওই এয়ারগান জব্দ ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, এয়ারগান বহন ও পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
