চট্টগ্রাম হোটেল থেকে বিদেশি নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর এক অভিজাত হোটেল থেকে পোল্যান্ডের এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ওই নাগরিকের নাম জদজিসলো মিসেল সিজারিবা। সোমবারা দুপুরে হোটেলে একটি কক্ষ থেকে সিজারিবার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

সিজারিবা পোল্যান্ডের পোশাক ক্রেতা প্রতিষ্ঠান বিগ স্টারের কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানে পোশাকের মান পরীক্ষা করতে এসেছিলেন।

সিএমপি’র দক্ষিণ জোনের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে সিজারিবার লাশ উদ্ধার করা হয়। তার মাথার পেছনে এবং শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত ছিল। কক্ষের বিভিন্ন জিনিসও অগোছালো ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। এ ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রবিবার রাতে সিজারিবা হোটেলে আসেন। সকাল থেকে বায়িং হাউজের লোকজন তার সাথে যোগাযোগের চেষ্টা করেও পারেনি। পরে তারা হোটেল কর্তৃপক্ষকে বিষয়টা জানালে অনেক ডাকাডাকির পর দরজা না খুলায় পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে রক্তাক্ত লাশ উদ্ধার করে। সিজারিবা গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম আসেন। আসার পর থেকেই তিনি হোটেলের ৯১৫ নম্বর রুম থেকে অবস্থান করছিলেন।

সিএমপি’র চকবাজার থানার ওসি ওয়ালি উদ্দিন আকবর বলেন, লাশ উদ্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এরই মধ্যে হোটেলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তা বিশ্লেষণ করা হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights