চট্টগ্রামে অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের আন্তঃজেলা ডাকাত দলের নেতা মো. হক সাবসহ চার ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। শনিবার ভোরে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জোরারগঞ্জের থানা এলাকার বাসিন্দা ও ডাকাত দলের নেতা মো. হক সাব ও সাইফুল ইসলাম রনি (২৪), নারায়ণগঞ্জের বাসিন্দা চাঁন মিয়া (২৮) ও সুনামগঞ্জের বাসিন্দা সিজিল মিয়া (৩০)।
শনিবার এক সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ‘সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির পরিমাণ বেড়ে যাওয়ায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ঘটনায় গোয়েন্দা নজরদারির এক পর্যায়ে গতকাল খবর পাই একটি ডাকাতদল আগ্নেয়াস্ত্র ও ডাকাতির মালামালসহ চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে আজ ভোরে বারৈয়ারহাট এলাকায় গাড়ি তল্লাশি করা হয়। এসময় চেকপোস্টের দিকে আসা একটি পিকআপভ্যানকে থামানোর সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কৌশলে গাড়িটিকে আটকের পর গাড়ির ভেতর থেকে একটি আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজ, ৩৪টি অটোরিক্সার ব্যাটারি, ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামসহ চার জনকে গ্রেফতার করা হয়।’
তিনি জানান, জিজ্ঞাসাবাদে ডাকাতরা জানায় যে- দলটি হাইওয়ে এবং আন্তঃজেলা ডাকাতির সাথে জড়িত। এ দলের বেশিরভাগ সদস্য চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করে মালামালসহ ঢাকায় চলে যায়। ডাকাত সর্দার হক সাবের বিরুদ্ধে জোরারগঞ্জ এবং সীতাকুণ্ড থানায় ডাকাতি, মাদক, চুরি, হত্যাচেষ্টা এবং অস্ত্র আইনসহ মোট ২০টি মামলা এবং সাইফুল ইসলামের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় চুরি, হত্যার চেষ্টা ও মাদকসহ ৪টি মামলা রয়েছে।
