চট্টগ্রামে আওয়ামী লীগের ব্যানারে মিছিল, ১২ জন আটক
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার নিয়ে মিছিল করার সময় ১২ জনকে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ। শুক্রবার দুপুরে সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জুমার নামাজের পর একটি মাইক্রোবাসে করে কয়েকজন যুবক সিআরবি এলাকায় আসেন। পরে তারা আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার হাতে নিয়ে মিছিল শুরু করেন। এ সময় কাছাকাছি থাকা পুলিশের একটি টহল দল তাঁদের ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়।
ঘটনাস্থল থেকে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, প্রাথমিকভাবে আটক ব্যক্তিরা আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী বলে জানা গেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
