চট্টগ্রামে আকাশ দাশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর আকাশ দাশ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি নাজমুল হুদা (১৯)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তার নাজমুল হুদা কুড়িগ্রাম সদর থানার পাঠানপাড়া এলাকার হাকিম মাঝির ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, ফ্যাক্টরির কর্মচারী মাইকেলকে পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসী গেট থেকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে গেলে আকাশ দাশ তাকে উদ্ধার করে। এতে ক্ষুব্ধ হয়ে নাজমুল হুদাসহ ১২ থেকে ১৫ জনের একটি দল পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আকাশ দাশকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। আকাশ হত্যাকাণ্ডের এজাহারভুক্ত পলাতক আসামি নাজমুল হুদা গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ ও র‌্যাব-১৩ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার রাতে পলাশবাড়ী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ২৬ ফেব্রুয়ারি রাতে নগরীর বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে আকাশ দাশ নামের এক যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আকাশ দাশ দক্ষিণ কাট্টলী ধোপাপাড়া এলাকার বাসিন্দা বাবুল দাশের ছেলে। তিনি বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরিতে হেলপার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা বাবুল দাশ পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights