চট্টগ্রামে কলেরা টিকার দ্বিতীয় ডোজ শুরু রবিবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর বন্দর টিলা ও দক্ষিণ হালিশহরে কলেরা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে রবিবার। চলবে আগামী ১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শনিবার আইসিডিডিআরবি থেকে পাঠানো এক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নগরীর ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে বসবাসকারীদের যারা সেপ্টেম্বর মাসে প্রথম ডোজ কলেরা টিকা নিয়েছেন তাদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। ইতোপূর্বে এলাকাবাসী যেসব কেন্দ্র থেকে টিকার প্রথম ডোজ নিয়েছেন, সেসব কেন্দ্র থেকেই টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন। টিকা দেওয়া চলবে আগামী ৮ অক্টোবর থেকে ১২ অক্টোবর প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। দক্ষিণ কোরিয়ার ইউবায়োলোজিক্স কোম্পানি লিমিটেডের তৈরি দুই ডোজের ইউভিকল প্লাস নামে মুখে খাওয়ার কলেরার টিকা এক বছর থেকে তদূর্ধ্ব বয়সীদের দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার তত্ত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় চট্টগ্রাম সিভিল সার্জন অফিস, চট্টগ্রাম সিটি করপোরেশন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ইপিআই ও আইসিডিডিআর,বি-র বাস্তবায়নে টিকা দেওয়া কার্যক্রমটি চলছে। গত ১৭ সেপ্টেম্বর এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রামের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights