বগুড়ায় আওয়ামী লীগের বিশেষ কর্মী সভা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
সরকারের উন্নয়ন বার্তা তৃণমূলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম আবুল কালাম আজাদ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
প্রধান অতিথি সভায় বলেন, ষড়যন্ত্র করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করা যাবে না। সংবিধান অনুযায়ী যথাসময়েই শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। তাই কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
ভবানীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী মন্টু, আলহাজ্ব শাহ্ জামাল সিরাজী, স. ম হাফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দেবতোষ চক্রবর্তী লিটন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মামুন, দপ্তর সম্পাদক রবিউল হাসান বাবু, আ.লীগ নেতা রফিকুল ইসলাম বুলু, আবু হাসেম টিটু, বেলাল হোসেন, ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুর রহিম তারা, আব্দুর রউফ, আবুল হোসেন, এম এ মালেক, নূরে আলম সানি, হুমায়ন কবির ড্যানি, সাদায়েত জামান নিহাল প্রমুখ বক্তব্য রাখেন।
