চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।
শনিবার সকাল ১১টা থেকে সিঅ্যান্ডবি মোড় এলাকার বহদ্দারহাট কালুরঘাট সড়কে এ অবরোধ করেন একটি কারখানার শ্রমিকেরা। এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে হাজার হাজার যাত্রী ও যানবাহন যানজটে আটকা পড়েন। পরে পুলিশ, মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে সমঝোতা বৈঠকের পর অবরোধ প্রত্যাহার করা হয়।
শ্রমিকদের অভিযোগ, ২০২৫ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসের ওভারটাইম এখনো পরিশোধ করেনি ওই প্রতিষ্ঠানটি। প্রতি মাসেই বেতন দিতে দেরি হচ্ছে। ইতোমধ্যে দেড় মাসের বেতন বকেয়া আছে। আসন্ন ঈদুল আজহার আগে বোনাস এবং মে মাসের অর্ধেক বেতন পরিশোধের দাবিতে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
এদিকে চট্টগ্রাম শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার বাচা মিঞা জানান, শ্রমিকদের সঙ্গে প্রাথমিক আলোচনার পর তারা সরতে চায়নি। পরে মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে আলোচনা হয়। আগামী মঙ্গলবার বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেছেন।
