চট্টগ্রামে মোবাইল নিয়ে বিরোধের জেরে বন্ধুকে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে মো. রিয়াজ (২২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার কয়েকজন বন্ধুর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে তাকে মারধর করার পর শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রিয়াজ সাতকানিয়া উপজেলা সদর ইউনিয়নের মোল্লাপাড়ার বাসিন্দা ছিলেন।
নিহতের স্বজনদের অভিযোগ, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে রিয়াজের বন্ধুরা তাকে বাড়ি থেকে ডেকে শাহ মজিদিয়া মার্কেট এলাকার একটি দোকানে নিয়ে যান। সেখানে রিয়াজের ব্যবহৃত মোবাইল ফোনটি নিজের বলে দাবি করেন তার এক বন্ধু। এই নিয়ে কথা বাগবিতণ্ডার একপর্যায়ে শাহাদাত (৩০), জায়েদ (২৫), আব্বাস (৩০), অনিক (৩০) ও ফরহাদসহ (২৫) কয়েকজন রিয়াজকে কাঠ দিয়ে এলোপাথাড়ি মারধর করে। মারধরে রিয়াজের মাথা, নাক ও মুখে গুরুতর জখম হয় এবং মুখের কয়েকটি দাঁত ভেঙে যায়।
পরে স্থানীয়রা রিয়াজকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, ঘটনার বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
