চরভদ্রাসনে জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ী নিহত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুর চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের সাহের মোল্লা বাজারে জমি নিয়ে বিরোধে আমিনুল ইসলাম ওরফে বাচ্চু (৩৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু ওই বাজারের মুদি ব্যবসায়ী ছিলেন। গাজিটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বাচ্চু ওই ইউনিয়নের দক্ষিণ চর সুলতানপুর গ্রামের বাসিন্দা মোজাহার শেখের দ্বিতীয় পুত্র।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যা, দীর্ঘদিন যাবত একটি পুকুর ভাগাভাগি নিয়ে তার চাচা সালাম শেখের সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় ছাহের মোল্লার বাজারে সালাম শেখের পুত্র আজিজ শেখের সাথে বাচ্চুর বড় চাচা হাসেম শেখের হাতাহাতির ঘটনা ঘটে। বুধবার সকালে আজিজ বাজারে আসলে বাচ্চু দোকান থেকে এগিয়ে গিয়ে তার চাচা হাসেমকে কেন মারধর করলো জানতে চায়। এ সময় দুজনের মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আজিজ বাচ্চুকে ছুরিকাঘাত করে। ঘটনার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল গফফার বলেন, প্রাথমিক তদন্তে জমিজমা সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটেছে বলে জানতে পারি। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights