চলতি বছরে সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ফেনী প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল রিজিয়নের আওতাধীন ১৩টি ব্যাটালিয়নের অভিযানে চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত প্রায় ৯৫৭ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ৩৩৩ জনকে আটক করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, অভিযানে ৩ লাখ ৪০ হাজার ৮১৫ পিস ইয়াবা, ১৪ হাজার ৯৬৭ কেজি গাঁজা, ৬৩ হাজার ৫৭৫ বোতল বিদেশি মদ, ১৬ হাজার ৮৮০ বোতল বিয়ার, ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ এবং ৪ লাখ ৩২ হাজার ৫১০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ছাড়া ২১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

মাদকদ্রব্যের পাশাপাশি বিভিন্ন ধরনের অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে ১১টি পিস্তল, সাতটি এয়ারগান, পাঁচটি পাইপগান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৭৭ মিটার ডেটোনেটর তার।

এ ছাড়া প্রাকৃতিক সম্পদ রক্ষায় পরিচালিত অভিযানে ১৬ হাজার ৮০০ ঘনফুট পাথর ও ৮ হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, সরাইল রিজিয়নের চারটি সেক্টরের অধীনে ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বর্ডার আউটপোস্ট (বিওপি) রয়েছে। এসব বিওপির মাধ্যমে প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, সরাইল রিজিয়নের চারটি সেক্টরের অধীন ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বর্ডার আউটপোস্ট (বিওপি) প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে।

এদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পরশুরামের বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে একটি বেইজ ক্যাম্প।

পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা ও কল্যাণে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এ সময় তিনি সবাইকে গুজব এড়িয়ে চলার পাশাপাশি সন্দেহজনক কোনো তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights