চলন্ত সিএনজিতে দরবেশ সেজে স্বর্ণালংকার ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা এলাকায় চলন্ত সিএনজি অটোরিকশায় দরবেশ সেজে হালিমা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে অচেতন করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৪ অক্টোবর) মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী হালিমা সোনাপাহাড় এলাকার স্থানীয় বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, হালিমা বেগম রবিবার সকালে সিএনজিযোগে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে চালক তাকে একা পেয়ে পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে নানা প্রশ্ন করতে থাকেন। একই সময়ে মুঠোফোনে অপর এক ব্যক্তির সাথেও কথা বলতেও দেখা যায় তাকে। কিছুক্ষণ পর দক্ষিণ সোনাপাহাড়ের ঘরতাকিয়া এলাকা থেকে দরবেশ বেশে এক ব্যক্তি ওই সিএনজিতে ওঠেন। তিনি চালকের আগে করা প্রশ্নগুলোর সূত্র ধরে হালিমার সাথে কথা বলতে থাকেন। এক পর্যায়ে দরবেশবেশী ব্যক্তি একটি পাঁচ টাকার নোট হালিমার নাকের কাছে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন।

পরে জ্ঞান ফেরার পর হালিমা নিজেকে মহাসড়কের মস্তানগর এলাকায় আবিষ্কার করেন। পরে বুঝতে পারেন তাঁর পরনে থাকা স্বর্ণালংকার খুলে নিয়ে গেছে অভিযুক্ত চালক ও ব্যক্তি। পরে তিনি পরিবারের সদস্যদের কাছে গিয়ে বিষয়টি খুলে বলেন।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, এই ঘটনায় রবিবার বিকেল পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights