চাঁদপুর শহরে যানজট নিরসনে চলবে দুই রঙের ইজিবাইক

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর শহরে যানজট নিরসনে পৌর কর্তৃপক্ষ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। ব্যাটারিচালিত লাইসেন্সেধারী ইজিবাইক জোড় সংখ্যার রং লাল ও বিজোড় সংখ্যার রং সবুজ হবে। এই কাজ সম্পন্ন হওয়ার পরে নির্ধারণ করা হবে কোন কালার কোন সময়ে সড়কে চলাচল করবে। আর এটি বাস্তবায়ন হলে শহরে গাড়ির সংখ্যার পাশাপাশি যানজট কমে আসবে।

আজ বুধবার দুপুরে পৌর ঈদগাহ মাঠে গিয়ে দেখা যায়, ইজিবাইকগুলোর নতুন নম্বর প্লেট প্রদান এবং জোড় ও বিজোড় সংখ্যায় শ্রমিকরা কালার করে দিচ্ছেন।

পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক রাফি রাসেল বলেন, এই কাজটি বাস্তবায়নে ইতোমধ্যে পৌর এলাকায় ইজিবাইক চালক ও মালিকদের উদ্দেশ্যে মাইকিং করে ঘোষণা করা হয়েছে।

পৌরসভায় ২ হাজার ৬২৬টি ইজিবাইকের লাইসেন্স আছে। নম্বর প্লেট প্রদান ও রং করার কাজ ১২ জানুয়ারি শুরু হয়েছে, ২০ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কাজ করা হচ্ছে।

শহরে ওয়ারলেছ এলাকায় চালক মুজিবর রহমান, পুরান বাজার এলাকায় লোকমান হোসেন বলেন, যানজট নিরসনের এই উদ্যোগকে স্বাগত জানাই। তবে দুই কালার গাড়ি একদিন বন্ধ না রেখে প্রতিদিন দুটি সময় নির্ধারণ করে দিলে ভালো হবে। আশা করি, পৌর কর্তৃপক্ষ সবার সাথে আলোচনা করে ওই সিদ্ধান্ত নেবে।

স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া বলেন, শহরে যানজট নিরসনে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিজোড় সংখ্যার সবুজ রঙের ইজিবাইক বিজোড় তারিখে এবং জোড় সংখ্যার লাল ইজিবাইক জোড় তারিখে চলাচল করবে। ফলে অবৈধ কোনো ইজিবাইক চলাচল করতে পারবে না।

তিনি বলেন, ওই তারিখ থেকে চাঁদপুরে চলাচলরত সিএনজিচালিত অটোরিকশা শহরে তিনটি নির্দিষ্ট স্থান পর্যন্ত আসতে পারবে। নির্দিষ্ট স্থানের মধ্যে রয়েছে- চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের মৎস্য গবেষণা ইনিস্টিটিউটের সামনে, চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের বঙ্গবন্ধু সড়কের মাথা এবং চাঁদপুর-হাইমচর সড়কের জন্য নতুন বাজার-পুরান বাজার সেতুর পুরান বাজার অংশে অটোরিকশা অবস্থান নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights