চাঁদপুরে খামার থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া পালাখাল গ্রামের একটি মাছের খামার থেকে মিরাজ হোসেন সরদার (১৯) নামে কলেজ ছাত্রের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পালাখাল সরদার বাড়ির পশ্চিম পাশের বিলে মাছের খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত কলেজ ছাত্র মিরাজ ওই গ্রামের ইলেকট্রেশিয়ান কামাল হোসেন সরদারের বড় ছেলে। তিনি স্থানীয় পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।
মিরাজের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে মিরাজ হোসেন ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। শুক্রবার ভোর থেকে অনেক খোঁজা খুঁজি করা হয়। সন্ধ্যায় বাড়ির পশ্চিম পাশে বিলে একটি মাছের খামারের জলাশয়ে স্থানীয়রা মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরিবার লোকজন গিয়ে মরদেহ শনাক্ত করেন।

মিরাজের মা বিলকিছ বেগম জানান, তার ছেলেকে কে বা কারা পরিকল্পিতভাবে হত্যা করে খামারের জলাশয়ে ফেলে রেখে যায়। তিনি সন্তান হত্যার বিচার দাবি করেন।

কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights