চাঁদপুরে দুই প্রতিষ্ঠানে অভিযান, একটিতে সিলগালা
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তিতে বিকল্প চিকিৎসাপদ্ধতির প্র্যাকটিশনার ছিদ্দিকুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তার চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত একটি মেডিকেল সেন্টারের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার রাতে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেন।
অভিযানকালে সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা দিতে দেখা যায়। এ ঘটনায় ছিদ্দিকুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তার চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
এদিকে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় দোয়াভাঙ্গায় অবস্থিত একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালত।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
