চাঁপাইনবাবগঞ্জে এনজিওতে রাখা ১০৫ কোটি টাকা ফেরতের দাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ এনজিও মধুমতি সমাজ উন্নয়ন সংস্থায় থাকা ৩৫ হাজার গ্রাহকের আমানতের ১০৫ কোটি টাকা ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এ সময় টাকা ফেরত পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন এনজিওটির বিভিন্ন শাখার কর্মচারী ও ভুক্তভোগী গ্রাহকরা।

রবিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী পলি বগম, রোকেয়া বেগম, খালেদা বেগম, দেলশাদ আলী, জুয়েল প্রমুখ। মানববন্ধন প্রায় সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। এসময় অনেকের হাতে মধুমতি এনজিও’র পরিচালক এবং তার পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা ও আমানতের টাকা ফেরতের দাবি সম্বলিত প্লাকার্ড ছিল। মানববন্ধন শেষে ভুক্তভোগীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, মধুমতি এনজিওর বিষয়টি নজরে রয়েছে। এই ঘটনায় শিবগঞ্জ উপজেলার ইউএনও আবুল হায়াতকে একটি রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্টটি হাতে পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights