চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরুদ্ধে
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে বলে জানিয়েছে পরিবার। আহত শিশুকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের দক্ষিণ শৌলা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার আবুল কাশেম মুন্সী (৬৫) শিশুটিকে একটি পাটক্ষেতে নিয়ে যায়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে।
পরিবার সূত্রে জানা যায়, বাড়িতে ফিরে শিশুটি পেটে ব্যথার কথা জানায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রদান করছেন।
শিশুটির এক স্বজন বলেন, “আমার মেয়েকে পাটক্ষেতে নিয়ে গিয়ে খারাপ কাজ করার চেষ্টা করেছে। পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। আমরা এর সুষ্ঠু বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি চাই।”
পরিবারের সদস্যদের কাছে শিশুটি জানিয়েছে, একজন বৃদ্ধ তাকে পাটক্ষেতে নিয়ে গিয়েছিল। ঘটনার পর থেকেই অভিযুক্ত আবুল কাশেম মুন্সী আত্মগোপনে রয়েছে বলে দাবি করেছে পরিবার।
শিশুটির ভাষ্য, “আমাকে তাহসিনের দাদায় পাটক্ষেতে নিয়ে গেছে।”
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. রোকসানা বিন তান্নি বলেন, “পরিবারের পক্ষ থেকে ধর্ষণের চেষ্টার অভিযোগ করা হয়েছে। আমরা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে শিশুটির সঙ্গে কোনো ধরনের যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে কি না।”
এদিকে ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার এ অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মেডিকেল রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
