চিঠির জবাবে আদালতে যাওয়ার কথা ভাবছেন ফারুক

অনলাইন ডেস্ক
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম দেশে ফেরার পর অস্থিরতা বেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। গতকাল বিসিবির সভাপতি ফারুক আহমেদকে ডেকে নিয়ে আকার-ইঙ্গিতে পদত্যাগের আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর মধ্যে আজ ফারুকের প্রতি অনাস্থার জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছেন বিসিবির ৯ পরিচালকের আটজনই। এই চিঠি হাতে পেয়ে আদালতে যাওয়ার কথা ভাবছেন ফারুক।

গণমাধ্যমকে ফারুক বলেছেন, ‘দেখি, কী করা যায়। কিছু একটা তো অবশ্যই করব। আমি আমার আইনজীবীর সঙ্গেও কথা বলে রাখছি। প্রয়োজন হলে আমি আইনগত ব্যবস্থা নেব।’ এই অনাস্থার কিছু এসে যায় না বলেও মন্তব্য করলেন তিনি, ‘অনাস্থার কোনো সুযোগই বিসিবির গঠনতন্ত্রে নেই। তাই অনাস্থায় কিছু এসে যায় না। হয় এই বোর্ড রাখবে, না হয় ভেঙে দেবে।’

যেসব পরিচালক ফারুকের বিরুদ্ধে এনএসসিতে চিঠি দিয়েছেন, তাঁরা নিজেদের অপকর্ম ঢাকতে এমন কাজ করেছেন বলেও মনে করছেন সাবেক এই অধিনায়ক।

ফারুক বললেন, ‘চিঠিটা আমার হাতেও এসেছে। ওরা যেসব অপকর্ম নিজেরা করত, সেগুলোই আমার নামে বসিয়ে দিয়েছে। দেখে আমি হাসতে হাসতে শেষ।’

সূত্র: কালের কণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights