তীব্র তাপদাহে রেলের গতি কমলেও শিডিউল বিপর্যয় হবে না : মন্ত্রী

অনলাইন ডেস্ক
তীব্র তাপদাহে ঢাকাসহ সারাদেশে আন্তঃনগর ট্রেনের গতি ৩০ কিলোমিটার কমিয়ে ৭০ কিলোমিটার করা হয়েছে। এতে ঈদ সামনে রেখে ট্রেনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘গতি কমলেও শিডিউল বিপর্যয় হবে না। শিডিউল বিপর্যয় বলা হবে যখন কোনো দুর্ঘটনার জন্য ট্রেন দেরি করবে। ৩০ মিনিট দেরি হলেই শিডিউল বিপর্যয় বলা হয়৷ এটা বলা মানে অবিচার করা।’

শনিবার ঢাকা বিমানবন্দর রেল স্টেশন পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেছেন, ‘যাত্রীসেবার মান বাড়তে চাই আমরা। কোনো হয়রানি ছাড়া যেসব যাত্রীরা টিকিট কেটে যাবেন তারা যেন নিরাপদে ও যেতে পারে সেই চেষ্টা করে যাচ্ছি। সারাবছর রেলকে একটা সিস্টেমে আনতে চাইলেও ঈদের সময় সেটি ভেঙে পড়ে। কিন্তু এবার শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হয়েছে। এখন আর আগের চিত্র নেই।’

তিনি বলেন, ‘অতীতের যে কষ্টের অভিজ্ঞতা ছিল, সেটা যেন সামনের দিনে গল্পের মতো শোনা যায় সেই চেষ্টা করা হচ্ছ।’ ঈদ ২২ না ২৩ এপ্রিল হবে তা নিয়ে দোটানায় আছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘যদি ঈদ ২৩ এপ্রিল হয় তাহলে ২২ তারিখের টিকিট বিক্রি হবে। সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
মন্ত্রী বলেন, ‘এবার বাইরে থেকেই গেট করা হচ্ছে। যারা বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করতে চাইবেন তাদের বাইরে থেকেই আটকে দেওয়া হবে।’ বিমানবন্দর স্টেশন সংস্কার করে নতুন করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তার আগ পর্যন্ত যতটুকু করা যায় সেটা করা হচ্ছে। এরপর এই স্টেশনকে মাল্টি মডেল হাব করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights