চিরুনি বদলানোর সময় হয়েছে বুঝবেন যেসব লক্ষণে
অনলাইন ডেস্ক
চুলের যত্নে শ্যাম্পু, কন্ডিশনার কিংবা হেয়ার মাস্ক নিয়ে কমবেশি সবাই সচেতন। চুলের ধরন অনুযায়ী অনেকে দামি প্রসাধনী বা বিশেষায়িত পণ্যও ব্যবহার করেন। কিন্তু প্রতিদিন চুলে ব্যবহার করা চিরুনি বা হেয়ার ব্রাশটির যত্ন নেওয়ার কথা অনেকেই ভুলে যান। বছরের পর বছর একই চিরুনি ব্যবহার করতে থাকেন।
অথচ নিয়মিত ব্যবহারে চিরুনিতে জমতে পারে স্ক্যাল্পের তেল বা সিবাম, মৃত ত্বকের কণা, ধুলাবালি এবং হেয়ারস্প্রে, জেল বা ড্রাই শ্যাম্পুর মতো প্রসাধনীর অবশিষ্টাংশ। তাই শুধু নিয়মিত পরিষ্কার করাই নয়, চিরুনি পুরোনো বা ক্ষতিগ্রস্ত হলে সময়মতো বদলে ফেলাও জরুরি। কোন লক্ষণ দেখলে চিরুনি বদলাবেন, জেনে নিন।
দাঁত ভেঙে বা বেঁকে গেলে
চিরুনির দাঁত ভেঙে যাওয়া, বেঁকে যাওয়া কিংবা একদিকে ছড়িয়ে পড়া পুরোনো হয়ে যাওয়ার অন্যতম লক্ষণ। এমন চিরুনি চুলের ভেতর দিয়ে স্বাভাবিকভাবে চলতে পারে না। ফলে চুলে আটকে গিয়ে টান দিতে পারে। আঁচড়ানোর সময় বারবার একই জায়গায় চিরুনি আটকে গেলে সেটি বদলে ফেলার কথা ভাবুন।
চুলে বেশি টান পড়লে
ভালো অবস্থায় থাকা চিরুনি বা ব্রাশ চুলের জট ধীরে ধীরে ছাড়াতে সাহায্য করে। কিন্তু দাঁত বা ব্রিসল ক্ষতিগ্রস্ত হয়ে অসমান হয়ে গেলে চুলে টান পড়ার আশঙ্কা বাড়ে। এতে আঁচড়ানোর সময় অস্বস্তি হতে পারে এবং চুলের জটও আরও বাড়তে পারে। তাই আগের তুলনায় আঁচড়াতে বেশি কষ্ট হলে চিরুনিটি পরীক্ষা করে দেখুন।
পরিষ্কার করার পরও ময়লা থাকলে
চিরুনিতে জমে থাকা ময়লা শুধু দেখতে অস্বস্তিকর নয়, এটি পরিচ্ছন্নতারও বিষয়। নিয়মিত পরিষ্কার করার পরও যদি চিরুনিতে শক্ত ময়লার স্তর থেকে যায় বা তা সহজে পরিষ্কার না হয়, তাহলে নতুন চিরুনি নেওয়ার কথা ভাবতে পারেন।
দুর্গন্ধ বা ছত্রাক দেখা দিলে
চিরুনি পরিষ্কার করার পর ভালোভাবে শুকিয়ে নেওয়া জরুরি। ভেজা অবস্থায় দীর্ঘ সময় পড়ে থাকলে সেখানে আর্দ্রতা তৈরি হতে পারে। চিরুনিতে দুর্গন্ধ, দৃশ্যমান ছত্রাক বা সহজে না ওঠা জমাট ময়লা দেখা দিলে সেটি আর ব্যবহার না করাই ভালো।
তবে সব ধরনের চিরুনি পানিতে ভিজিয়ে পরিষ্কার করা যায় না। কাঠ, বাঁশ, প্রাকৃতিক ব্রিসল বা বিশেষ উপাদানে তৈরি ব্রাশ হলে প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী পরিষ্কার করা উচিত।
নিয়মিত পরিষ্কার রাখুন
চিরুনিতে ময়লা জমা কমাতে নিয়মিত পরিষ্কার করার অভ্যাস করুন। প্রথমে আটকে থাকা চুল সরিয়ে নিন। সাধারণ প্লাস্টিকের চিরুনি হলে হালকা সাবান বা শ্যাম্পু ও পানি দিয়ে সপ্তাহে একবার পরিষ্কার করা যেতে পারে। বেশি ব্যবহার হলে আরও ঘন ঘন পরিষ্কার করা ভালো। পরিষ্কারের পর অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে।
অন্যের সঙ্গে চিরুনি ভাগ করে ব্যবহার নয়
নিজের চিরুনি অন্যের সঙ্গে ভাগ করে ব্যবহার না করাই ভালো। একইভাবে অন্যের চিরুনিও ব্যবহার করা উচিত নয়। ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য প্রত্যেকের আলাদা চিরুনি বা ব্রাশ থাকা ভালো অভ্যাস।
চুলের যত্ন শুধু ভালো শ্যাম্পু বা দামি হেয়ার মাস্ক ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিদিন যে চিরুনিটি চুল ও স্ক্যাল্পের সংস্পর্শে আসছে, সেটিও পরিষ্কার এবং ভালো অবস্থায় রাখা জরুরি। তাই নিজের চিরুনিটি একবার ভালো করে দেখে নিন। পুরোনো বা ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজন অনুযায়ী সেটি বদলে ফেলুন।
