চীনকে হারিয়ে ৪৪ বছর পর নারী হকিতে এশিয়ান গেমসে স্বর্ণ ভারতের
অনলাইন ডেস্ক
এশিয়ান গেমসে নারী হকিতে ৪৪ বছর পর স্বর্ণ পদক জিতেছে ভারত। শুক্রবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে ফাইনালে চীনকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ভারতীয় দল। এই জয়ের মাধ্যমে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সরাসরি টিকিটও পেয়েছে তারা।
ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভারত। ম্যাচের ১০ মিনিটে অধিনায়ক সালিমা টেটে বল নিয়ে চীনের সার্কেলে ঢুকে সাক্ষী রানাকে পাস দেন। সাক্ষী বলটি দেন লালরেমসিয়ামিকে। প্রতিকূল জায়গা থেকে রিভার্স স্টিকে দুর্দান্ত শটে গোল করেন তিনি। শেষ পর্যন্ত ওই এক গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।
এরপর বাকি ৫০ মিনিট চীনের আক্রমণ সামলে লিড ধরে রাখে ভারত। গোলরক্ষক সবিতা পুনিয়া ও বিচু দেবী খারিবামের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জয় নিশ্চিত করতে। ম্যাচে চীনের একের পর এক আক্রমণ প্রতিহত করে ভারতীয় রক্ষণভাগও দারুণ দৃঢ়তা দেখায়।
এই সাফল্য ভারতের জন্য বিশেষ তাৎপর্যের। সর্বশেষ ১৯৮২ সালে ঘরের মাঠে এশিয়ান গেমসে নারী হকিতে সোনা জিতেছিল ভারত। এরপর দীর্ঘ ৪৪ বছর অপেক্ষার পর আবারও শীর্ষে উঠল দলটি।
গত ১০ মাস আগেও দলটির পরিস্থিতি ছিল ভিন্ন। ১৪ জন খেলোয়াড় চোটে পড়েছিলেন, কয়েকজন অবসরের কথাও ভাবছিলেন। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বও প্রকাশ্যে এসেছিল। বছরের শুরুতে ডাচ কোচ স্যোরড মারিজনে দায়িত্ব নেওয়ার পর দলটি ঘুরে দাঁড়াতে শুরু করে।
অলিম্পিক বাছাইপর্ব থেকে ধারাবাহিক উন্নতির পর এবার এশিয়ান গেমসের সোনার মঞ্চে উঠল ভারত। ম্যাচ শেষে কোচ মারিজনে বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না। আমরা এশিয়ান গেমসে সোনা জিতেছি। গতবার ছিল রুপা। আমার মনে হয়, আমরা দারুণ রক্ষণ করেছি।’
