চুক্তির পরও লেবানন সীমান্তে বোমাবর্ষণ ইসরায়েলের: রিপোর্ট
অনলাইন ডেস্ক
ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন একটি ‘কাঠামোগত চুক্তি’ স্বাক্ষরের পরও দুই দেশের সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, রাতভর ইসরায়েলি বাহিনী সীমান্তসংলগ্ন একটি এলাকায় বিমান হামলা চালিয়েছে।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলের মারকাবা শহরের আশপাশে বোমাবর্ষণ করেছে। শহরটি ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার (প্রায় ১ মাইল) দূরে অবস্থিত।
তাৎক্ষণিকভাবে হামলায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এই হামলার খবর এমন সময়ে এলো, যখন ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন একটি ‘ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট’ (কাঠামোগত চুক্তি) স্বাক্ষর করেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই চুক্তিকে দুই দেশের মধ্যে চলমান আলোচনার ‘প্রথম ধাপ’ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির পথে এটি একটি গুরুত্বপূর্ণ সূচনা।
তবে চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্তে নতুন করে হামলার খবর সামনে আসায় যুদ্ধবিরতি ও আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক সমঝোতার পাশাপাশি মাঠপর্যায়ে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে না পারলে চুক্তি বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে। সূত্র: আল-জাজিরা
