চুয়াডাঙ্গায় টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপ প্রবাহ। একটানা ৪ দিন এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রবিবার থেকে টানা ৪ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। বুধবার সন্ধ্যা ৬ টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় যা দেশের সর্বোচ্চ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, গত রবিবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার (৩ এপ্রিল) ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৪ এপ্রিল) ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার (৫ এপ্রিল) ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ ৪ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায়।
তিনি জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। সারাদেশের প্রাপ্ত তথ্য অনুযায়ী বুধবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, এ সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিলো ৩৩ শতাংশ। বেশ কিছুদিন বৃষ্টিপাত না থাকার কারণে বাতাসে আদ্রতার পরিমাণ কমে গেছে। হঠাৎ কালবৈশাখী ঝড় ছাড়া সাধারণ বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই।

জামিনুর রহমান বলেন, গত বছরের তুলনায় এ বছর গরমের তীব্রতা অনেক বেশি। মৌসুমের শুরু থেকেই বেশ কয়েকবার এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। গরমের তীব্রতা আরও বেড়ে মাঝারি তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে এবং এ ধারা আরও কিছুদিন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights