চুরির অপবাদে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে চুরির অপবাদে আবুল কালাম (৪০) নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৬ জানুয়ারি) উপজেলার কাঞ্চনপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মৃতদেহ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।

নিহত আবুল কালাম কাঞ্চনপুর গ্রামের ছানাউলা পাটোয়ারীর ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন। পরিবার নিয়ে উপজেলার হায়দারগঞ্জ বাজারে ভাড়া থাকতেন তিনি।

নিহতের স্ত্রী রেহানা আক্তারের অভিযোগ, রবিবার রাতে হায়দারগঞ্জের ভাড়া বাসা থেকে জিসান নামে এক ব্যক্তি দলবল নিয়ে তার স্বামী আবুল কালামকে একটি মাইক্রোবাস যোগে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ সময় তারা পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখান।

এরপর সকালে কাঞ্চনপুরে এসে তাকে একটি বাগানে আহত অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান তিনি।

অপহরণকারীরা তখন তার স্ত্রীকে জানায়, ‘কয়েক দিন আগে আবুল কালাম সিএনজি অটোরিকশার ব্যাটারী চুরি করেছে’- এ কারণেই তাকে ধরে নিয়ে যাচ্ছেন তারা।

রেহানা বলেন, ‘সকালে আমি কাঞ্চনপুরে গিয়ে দেখি একটি সুপারি বাগানের মধ্যে জিসানের নেতৃত্বে লোকজন আমার স্বামীকে পেটাচ্ছে। আমার স্বামী কাতর কণ্ঠে পানি চাইলো, কেউ দিল না। আমি তার কাছে এগিয়ে গেলে তাকে হাসপাতাল নিতে বলে। হাসপাতালে নেওয়ার আগেই মারা যায় আমার স্বামী।’

স্থানীয়রা জানান, দু’দিন আগে মাসুদ নামে এক ব্যক্তির ব্যাটারি চুরি হয়। ওই অভিযোগে তাকে ধরে আনা হয়। রাতভর তাকে বাগানে বেঁধে রেখে নির্যাতন করা হয়। সকালেও তাকে মারধর করা হয়েছে। এক পর্যায়ে তার মৃত্যু হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ব্যাটারি চুরির অপবাদ দিয়ে এক ব্যক্তিকে গণপিটুনি দিচ্ছে, বেলা ১১ টার দিকে মোবাইল ফোনে এমন সংবাদ পেয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য আনতে বলি।’ পরে হাসপাতালে গিয়ে পুলিশ জানতে পারে, আহত ব্যক্তি মারা গেছেন। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তাদেরকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights