চেতনার নামে অনেক রাজনীতি হয়েছে : ড. দিলারা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

আমার বাংলাদেশ পার্টির (এবি) উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বিজয় নগরে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. দিলারা চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া, সাংস্কৃতিক সংগঠক আরজুমান্দ আরা বকুল, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক, মহান একুশে উদযাপন উপকমিটির আহ্বায়ক ও আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম।

স্বাগত বক্তব্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ভাষা আন্দোলনে এতো ত্যাগ তবু আজও বাংলা রাষ্ট্র ভাষায় পরিণত হয়নি।

অনুষ্ঠানে প্রফেসর ড. দিলারা চৌধুরী বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে চেতনার নামে অনেক রাজনীতি হয়েছে, নানা অনুষ্ঠান হচ্ছে প্রতি বছর কিন্তু ভাষার চর্চার ক্ষেত্রে বলার মতো কিছুই আমরা করতে পারিনি।

তিনি বলেন, জ্ঞানবিজ্ঞান চর্চার একটি বড় অংশ হচ্ছে বিদেশি বইয়ের অনুবাদ। কিন্তু এদেশে অনুবাদ সাহিত্য খুবই দুর্বল এবং অপ্রতুল।

তিনি আরও বলেন, উচ্চ শিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে রেফারেন্স বই হিসেবে উল্লেখ করার মতো অনুদৃত কোন বই পাওয়া যায় না। এর পেছনে কারণ হিসেবে তিনি উল্লেখ করেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্বাধীন গবেষণা করতে দেয়া হয় না, বরং অযোগ্যরা ক্ষমতাবানদের পদলেহন করে সুবিধা ভোগ করে থাকে।

ড. দিলারা চৌধুরী আরো বলেন, শহীদ মিনার যে শিক্ষা দেয় জাতি হিসেবে তা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আজ আমরা সবই মেনে নেই, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের পতিতাবৃত্তি করতে বাধ্য করা হচ্ছে তাও আমরা মেনে নিচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্যে ড. সুকোমল বড়ুয়া বলেন, মুক্তিযুদ্ধের চেতনার যে বয়ান আজ প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে তা আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা নয়। আজ ভাষা আন্দোলনের ইতিহাসও বিকৃত হচ্ছে।

সভাপতির বক্তব্যে এএফএম সোলায়মান চৌধুরী বলেন, একুশের চেতনা থেকে দূরে সরে গিয়ে আজ এদেশে সবক্ষেত্রে দুর্নীতি আর অব্যবস্থাপনায় ভরে গেছে।

দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, একুশের চেতনা ছিল অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার চেতনা। আজও এদেশে কথা বলার অধিকার নেই, সভা সমাবেশের অধিকার নেই, দেশ নিয়ে কথা বলার অধিকার নেই। দেশ বাঁচাতে-অধিকার ফিরে পেতে একুশের চেতনায় আবার জেগে ওঠার আহ্বান জানান তিনি।

আরজুমান্দ আরা বকুল, আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম এফসিএ, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, যুবপার্টির সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights