চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

অনলাইন ডেস্ক

আগামী মৌসুমকে সামনে রেখে দল পুনর্গঠনের অংশ হিসেবে চেলসি থেকে ২২ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার আলেজান্দ্রো গারনাচোকে দলে ভিড়িয়েছে অ্যাস্টন ভিলা। এক মৌসুমের জন্য ধারে ভিলা পার্কে পাড়ি জমাচ্ছেন এই তারকা। তবে চুক্তি শর্ত পূরণ সাপেক্ষে তাকে স্থায়ীভাবে কিনে নেওয়ার বাধ্যবাধকতাও রাখা হয়েছে এই চুক্তিতে।

নতুন মৌসুমের জন্য অ্যাস্টন ভিলা ম্যানেজমেন্টের অন্যতম মূল লক্ষ্য ছিলেন এই তরুণ উইঙ্গার। গারনাচোর আগমনে আনন্দ প্রকাশ করে ক্লাব কোচ উনাই এমারি বলেন, ‘আমরা আলেজান্দ্রোকে পেয়ে অত্যন্ত আনন্দিত। সে ভীষণ প্রভাবশালী ও তরুণ ফুটবলার।’

২০২৬-২৭ মৌসুমে নির্দিষ্ট কিছু পারফরম্যান্সের লক্ষ্যমাত্রা পূরণ হলে স্থায়ী চুক্তির শর্তটি কার্যকর হবে। সে ক্ষেত্রে আগে থেকেই সমঝোতা হওয়া চার বছরের মেয়াদে চুক্তি স্বাক্ষর করবেন গারনাচো।

গত বছর সেপ্টেম্বরে ৪০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন গারনাচো। কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজে নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে বেগ পেতে হয় তাকে। ৪৩টি ম্যাচে মাঠে নেমে তিনি করেছিলেন ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট।

সম্প্রতি অ্যাস্টন ভিলা থেকে ১১৭ মিলিয়ন পাউন্ডের রেকর্ড ট্রান্সফার ফিতে মর্গান রজার্সকে চেলসি দলে নেওয়ার পরই গারনাচোর ক্লাব ছাড়ার পথ প্রশস্ত হয়। উল্লেখ্য, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চেলসিতে যাওয়ার সময়ের চুক্তি অনুযায়ী, ভবিষ্যতে গারনাচো স্থায়ীভাবে বিক্রি হলে তার ১০% বিক্রয় ফি পাবে রেড ডেভিলরা।

গত মৌসুমে ইউরোপা লিগ জয় এবং প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান অর্জন করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করা অ্যাস্টন ভিলা দুর্দান্ত ফর্মে রয়েছে। আগামী ১২ আগস্ট উয়েফা সুপার কাপের ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী পিএসজির মুখোমুখি হতে যাচ্ছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights