ছাত্র আন্দোলনের মধ্যেই ভাইরাল মোদি, ২৪ ঘণ্টায় ইন্সটায় রেকর্ড
অনলাইন ডেস্ক
ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই ইনস্টাগ্রামে প্রকাশ করা একটি ভিডিও দিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ৪০ সেকেন্ডের একটি রিল ২৪ ঘণ্টায় মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত ভিডিওটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। দাবি করা হচ্ছে, এটি ইনস্টাগ্রামে অন্যতম সর্বাধিক দেখা রিলগুলোর একটি।
ভিডিওতে তরুণ প্রজন্ম বা জেন জির উদ্দেশে মোদি বলেন, গত রাতে আপনাদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পেয়েছিলাম। আপনারা যেভাবে ভিডিওটি দেখেছেন এবং ইতিবাচক মতামত জানিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, আপনাদের এই ভালোবাসা অটুট থাকবে এবং আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে।
ভিডিওটি প্রকাশের সময় দিল্লির যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে হাজারো শিক্ষার্থী আন্দোলন করছিল। একই সময়ে প্রকাশিত আরেকটি ভিডিও বার্তায় মোদি বলেন, পরীক্ষা নিয়ে জালিয়াতিকে সরকার কোনোভাবেই ছাড় দেবে না।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সে জন্য দ্রুত পুনরায় পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে নতুন আইন এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি ভাইরাল হওয়ার পর অল্প সময়েই মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় ১০ লাখ নতুন অনুসারী যুক্ত হয়েছে।
সূত্র: এনডিটিভি
