জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
জলবায়ু পরিবর্তন অভিযোজন, ন্যায়বিচার এবং সামাজিক জবাবদিহিতার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর আয়োজনে ও দ্যা কার্টার সেন্টারের সহযোগিতায় রাজশাহী নগরীর একটি হোটেল এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচ্য বিষয় ছিল ‘বাংলাদেশে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি।’
এসিডি নির্বাহী পরিচালক সালীমা সারোয়ার এবং দ্যা কার্টার সেন্টারের প্রোগ্রাম অফিসার রোকসানা আফরোজ অনুষ্ঠিত সভায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পালের সঞ্চালনায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং তথ্যে নারীদের প্রবেশাধিকার নিশ্চিতের লক্ষ্যে আয়োজিত সভায় সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় সরকারের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত স্টেকহোল্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি জলবায়ু পরিবর্তন অভিযোজন, ন্যায়বিচার নিশ্চিত এবং সামাজিক জবাবদিহিতার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। উপস্থাপনার পরিপ্রেক্ষিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। যেহেতু জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা দুরূহ সেহেতু এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কথাও বলা হয় বৈঠকে। একই সঙ্গে সামাজিক জবাবদিহিতা নিশ্চিতে জোর তাগিদ দেওয়া হয়।
