জাতীয় ঐক্য ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: আবদুস সালাম

অনলাইন ডেস্ক

১৭ বছরের কঠিন লড়াই ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। মহান একুশের চেতনাকে ধারণ করে দেশের সব দল, মত ও পথের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।

শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, জাতীয় ঐক্য ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সব রাজনৈতিক দল, মত ও পথের মানুষকে একত্রিত করে আমরা একটি মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় কাজ চালাবো। মহান একুশের চেতনাকে ধারণ করেই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব।

আবদুস সালাম আরও বলেন, আমরা যেমন ৫২-এর ভাষা শহীদ ও ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করি, ঠিক তেমনি ৯০ ও ২৪-এর শহীদদের চেতনাকেও অন্তরে ধারণ করি। তাদের আত্মত্যাগ আমাদের জন্য পথপ্রদর্শক। এই চেতনাই আমাদের দেশের আগামী দিনের অগ্রযাত্রার মূল ভিত্তি।

এবারের নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে সরকার গঠিত হয়েছে, তা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে বদ্ধপরিকর। জনগণের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে বিএনপি ঘোষিত ৩১ দফার পরিকল্পনার আলোকে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

দেশের জনগণের প্রতি আশ্বাস দিয়ে আবদুস সালাম বলেন, বীর শহীদদের আত্মত্যাগের মূল্য কখনো বৃথা যাবে না, এবং তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যেই আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights