বিপিএল মাতাতে আসছেন সাইম আইয়ুব
অনলাইন ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে খেলতে আসছেন পাকিস্তানের টি–টোয়েন্টি অলরাউন্ডার সাইম আইয়ুব। নিলামের আগেই তাকে দলে ভিড়িয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স।
বুধবার সামাজিক মাধ্যমে এক পোস্টে তারা জানায়, ‘হ্যালো, সিলেট! সাইম আইয়ুব কল রিসিভ করেছে। আনুষ্ঠানিকভাবে টাইটান্স আরও শক্তিশালী হলো।’
বিপিএলের ১২তম আসরের নিলাম পেছানোর পর অবশেষে তা অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর বিকেল তিনটায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে। নিলামের আগে সরাসরি চুক্তিতে খেলোয়াড় দলে ভেড়ানোর কাজ শুরু করেছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি।
নতুন দল সিলেট টাইটান্স ইতোমধ্যে দুই দেশি ক্রিকেটার—মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে নিয়েছে। এবার বিদেশি তারকা হিসেবে চুক্তিবদ্ধ হলো টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা অলরাউন্ডার সাইম আইয়ুবের সঙ্গে।
দলটির কোচিং প্যানেলেও আসছে পরিবর্তন। প্রথমবারের মতো বিপিএলে কোচিং করাবেন জাতীয় দলের সাবেক ব্যাটার ইমরুল কায়েস; তিনি ব্যাটিং কোচের দায়িত্ব পেতে পারেন। বোলিং কোচ হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক পেসার সৈয়দ রাসেল। আর ফিল্ডিং কোচ হিসেবে যুক্ত হতে পারেন কেমসলে রব।
