জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

অনলাইন ডেস্ক

সিলেটের জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আবু সুফিয়ান (২৬) এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

বুধবার বিকেল চারটার দিকে নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে যান তিনি।

নিখোঁজ আবু সুফিয়ান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি পেশায় একজন কম্পিউটার মেকানিক ছিলেন।

তার সঙ্গে থাকা রাসেল আহমদ জানান, তারা আট বন্ধু মিলে জাফলং ভ্রমণে যান। বিকেলে নদীতে নামলে হঠাৎ পানির স্রোতে সুফিয়ান তলিয়ে যান। অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করা যায়নি।

খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, গোয়াইনঘাট থানা পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারে পুলিশ ও ডুবুরি দল কাজ করছে। সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ২৫ জুলাই জাফলংয়ে মুকিত আহমদ (১৮) নামের আরেক পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হন। দুই দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights