জাবিতে ছাত্রদলের উদ্যোগে লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম চালু

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ চালু করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ বৃহস্পতিবার (০৭ মে) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর সংলগ্ন সড়কে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এ প্রযুক্তির উদ্বোধন করেন।

এসময়, প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের দুইটি বাসে লাইভ বাস ‘ট্র্যাকিং সিস্টেম’ প্রযুক্তি পরীক্ষামূলক স্থাপন করা হয়েছে। পরবর্তীতে এটির কার্যকারিতার ভিত্তিতে সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে শাখা ছাত্রদল।

এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এই প্রযুক্তি চালু করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সব বাসে এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বাসের অবস্থান জানতে পারবেন। পাশাপাশি বাস নির্দিষ্ট স্টপেজে কখন পৌঁছাবে এবং কোনো কারণে বিলম্ব হলে সে সম্পর্কেও নোটিফিকেশন পাওয়া যাবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা আরও সহজ হবে এবং যাতায়াত ব্যবস্থা স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে বলে আমরা আশা করছি।

জাবির উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মূলত এ ধরনের সেবা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের হলেও শিক্ষার্থীদের স্বার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল যে উদ্যোগ নিয়েছে তা অবশ্যই প্রশংসনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights