আন্দোলনকারীদের দখলে রাবি, ক্যাম্পাস ছাড়া ছাত্রলীগ

রাবি প্রতিনিধি
কোটা সংস্কার ও আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। হলের তালা ভেঙে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

এদিকে বঙ্গবন্ধু হলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে এসব ঘটনা ঘটে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, কে বা কারা অগ্নিসংযোগ করেছে এ মূহুর্তে বলতে পারছি না। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, বেলা ৩টার দিকে কোটা সংস্কারের দাবি ও ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। প্রধান ফটক দিয়ে বিক্ষোভ নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা। পরে প্যারিস রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

এদিকে মাথায় হেলমেট ও মুখে কাপড় বাধা কিছু লোক বঙ্গবন্ধু হল গেটের তালা ভেঙে ঢুকে ৮-১০টি বাইকে আগুন দেন। এ সময় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ ভাঙচুর করা হয়েছে। তবে এই শিক্ষার্থীরা আন্দোলনকারী কিনা শনাক্ত করা যায়নি। হলের ছাদে ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ বেশকিছু নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার প্রতিবাদ করছি। ঢাকায়, কুমিল্লা, চট্টগ্রাম-সহ সারা দেশে আমার ভাইবোনকে কেন রক্তাক্ত করা জবাব চাই। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। তাহলে বাঁধা কেন? রক্ত কেন?

এর আগে, দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় ছাত্রলীগ। ক্যাম্পাসে বাইক নিয়ে শোডাউনও দেন নেতাকর্মীরা। বেশকিছু হলে তালা দিয়ে আন্দোলনে নামতে শিক্ষার্থীদের বাধা দেওয়ার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। পরে তালা ভেঙে আন্দোলনে নামেন বিক্ষোভকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights