‘জামায়াত সংস্কারকে সামনে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে’
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, জামায়াতে ইসলামী বিরোধী দল হিসেবে বক্তব্য দেওয়ার মতো কোনো কারণ খুঁজে না পেয়ে এখন সংস্কারকে সামনে নিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে।
শুক্রবার সকালে মাদারীপুরের ডাসার উপজেলার বিসি কর্নপাড়া পাকা সেতু থেকে কমলাপুর হাট পর্যন্ত সড়ক উন্নয়নকাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খোকন তালুকদার বলেন, ‘বিগত দিনে আপনারা দেখেছেন, পিআর-এর নামে তারা অনেক কথা বলেছেন, নির্বাচনে আসবেন না—এমন কথাও বলেছেন। কিন্তু শেষ পর্যন্ত তারা নির্বাচনে এসেছেন। মাঠে তাদের জনপ্রিয়তা নেই বলেই তারা মুখের কথায় জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছেন। শুধু কথার বুলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে।’
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনের কিছু সমাধান আছে। সেই সমাধানের পরেই আমরা সংস্কারের কাজ সম্পূর্ণ করব। প্রধানমন্ত্রী বলেছেন, সংবিধান সংস্কারের যতগুলো ধারা রয়েছে, সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে। তিনি বিষয়টি জাতির সামনে স্পষ্টভাবে বলেছেন। এখানে লুকোচুরি করার কিছু নেই।’
সড়ক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নয়নকাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা এলজিইডির প্রকৌশলী রেজাউল করিম, মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইমারাত হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, বিএনপি নেতা সালাম খান, ইরান তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
