জামায়াতে ভোট দিলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জামায়াতে ভোট দিলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না। তারা তালিমের নামে নারীদের ভুল পথে পরিচালিত করছে। তাই কেউ যেন জামায়াতকে ভোট না দেয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

রবিবার দুপুরে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, শেখ হাসিনা বিগত ১৭ বছর বেগম খালেদা জিয়াকে নিষ্ঠুরতম নির্যাতন করেছে এবং তাকে কারাগারে পাঠিয়েছে। এত নির্যাতনের পরও তিনি মাথানত করেননি। নির্যাতনের কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। তার জানাজা পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত। আর যারা এই নির্যাতন চালিয়েছে, তারা ভাত ফেলে এক কাপড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, ভোট একটি বড় আমানত। এই আমানত রক্ষার জন্য বিএনপির হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে, অনেক রক্ত ঝরেছে। তাই এই আমানত সঠিক জায়গায় দিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

টুকু আরও বলেন, তারেক রহমান ঘোষণা দিয়েছেন—১২ ফেব্রুয়ারি ধানের শীষ বিজয়ী হলে ১৩ ফেব্রুয়ারি থেকেই সিরাজগঞ্জসহ সারা দেশে উন্নয়ন কার্যক্রম শুরু হবে। সিরাজগঞ্জের তাঁত শিল্পের উন্নয়নের মাধ্যমে তাঁতে উৎপাদিত শাড়ি ও লুঙ্গি বিশ্ববাজারে রপ্তানির ব্যবস্থা করা হবে। প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট নির্মাণ করা হবে। শিক্ষা ও স্বাস্থ্যখাতে চিকিৎসক, নার্স ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে।

তিনি বলেন, বেকার যুবক-তরুণীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে তারা দেশে ও বিদেশে ভালো বেতনে কর্মসংস্থানের সুযোগ পায়। নারীদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দিয়ে ক্ষুদ্র শিল্প গড়ে তুলে স্বাবলম্বী করা হবে। কৃষকদের কৃষি কার্ডের মাধ্যমে বিনামূল্যে সার, কীটনাশক ও বীজ সরবরাহ করে তাদের ভাগ্যোন্নয়ন করা হবে। উন্নয়নশীল দেশ গড়তে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় কামারখন্দ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights