জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক
নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়েছেন রূপালী আক্তাররা।

এদিন শুরু থেকেই প্রতিপক্ষকে কাবু করে একের পর এক রেইডে পয়েন্ট সংগ্রহ করতে থাকেন শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস ও স্মৃতি আক্তাররা। ম্যাচ ঘড়ির পাঁচ মিনিটেই জার্মানিদের প্রথমবার অল আউট করে স্বাগতিকরা।

একচেটিয়া এই ম্যাচে প্রায় সব খেলোয়াড়কেই পরখ করে বাংলাদেশ। ২০২৩ সালে কাবাডি শুরু করা জার্মানি মেয়েরা এক পর্যায়ে ভালোই প্রতিরোধ গড়ে তোলে। শারীরিক গঠনে ইউরোপের প্রতিনিধিরা শক্তপোক্ত হলেও কৌশলে এগিয়ে ছিল দেশের মেয়েরা।

দশম মিনিটে দ্বিতীয়বার অলআউট হয় জার্মানি নন্দিনীরা, তখন ম্যাচের ব্যবধান দাঁড়ায় ২২-৫ পয়েন্টে। প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে ছিল ২৮-৯ পয়েন্টে।

দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের গা ছাড়া ভাবের কারণেই জার্মানি বেশ কিছু পয়েন্ট আদায় করে নেয়। ম্যাচের শেষ ছয় মিনিট বাকি থাকতে জার্মানি তৃতীয়বার অলআউট হয়। তখন স্কোর ছিল ৪৩-২১। শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচ শেষ করে ৫৭-২৭ ব্যবধানে। এর মধ্যে জার্মানদের আরও একবার অলআউট করেছে বাংলাদেশের মেয়েরা।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক রূপালি আক্তার বলেন, ‘সামনে ভারতের সাথে খেলা, আমরা ভালো খেলার চেষ্টা করব। কেননা, ওরা এই টুর্নামেন্টের সবচেয়ে ভালো দল। টানা দুই জয় পাওয়ায় আত্মবিশ্বাস ও মনোবল অনেক বেড়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights