জাল সনদের মামলায় বরখাস্তকৃত প্রধান শিক্ষক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বানারীপাড়ায় জাল সনদ দিয়ে চাকরির মামলায় বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেনকে (৪৮) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার জাহাঙ্গীর হোসেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মহিবুল হাসান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী নাসির খান।

জাহাঙ্গীর হোসেন ওই উপজেলার সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একই উপজেলার আউয়ার গ্রামের বাসিন্দা। জাল সনদে চাকরি করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করেন একই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তারিকুল ইসলাম খান।

বেঞ্চ সহকারী নাসির খান জানান, মো. জাহাঙ্গীর হোসেন ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। সন্দেহ হলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রধান শিক্ষকের ব্যক্তিগত ফাইল তলব করেন। বিদ্যালয়ে জমা দেওয়া বিএ, এমএ এবং এমএড সনদ নিয়ে সন্দেহ হয়। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেন তিনি। তদন্ত কমিটি ঢাকার রয়েল ইউনিভার্সিটির এমএ এবং দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের বিএড ও এমএড পরীক্ষার সনদ জাল বলে প্রমাণ পায়। এ ঘটনায় ২০২০ সালের ২০ সেপ্টেম্বর জাহাঙ্গীরকে সাময়িক বরখাস্ত করা হয়। ২০২২ সালের ৪ অক্টোবর তার বিরুদ্ধে চিফ জুডিশিয়াল আদালতে মামলা করেন সভাপতি। মামলা দায়েরের পর অন্তবর্তীকালীন জামিনে ছিলেন মো. জাহাঙ্গীর হোসেন। জামিনের মেয়াদ শেষ হলে নতুন করে জামিনের মেয়াদ বাড়াতে আদালতে আবেদন করেন তিনি। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights