জাহাঙ্গীরনগরের মুক্তমঞ্চ মাতালেন অঞ্জন দত্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ওপার বাংলার নন্দিত সংগীতশিল্পী, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও লেখক অঞ্জন দত্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গান গেয়ে মাতালেন মঞ্চ। শুক্রবার (৩ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে গান পরিবেশন করেন তিনি।

রাত ৭ টা ৪৫ মিনিটে গান শুরু করেন অঞ্জন। রাত ১০ টা পর্যন্ত প্রায় অর্ধশতাধিক সহশিল্পীকে সাথে নিয়ে ২০টির মতো গান পরিবেশন করেন তিনি। পরিবেশিত গানগুলোর মধ্যে ‘বেলা বোস, ‘রঞ্জনা আমি আর আসবো না’ ‘কাঞ্চনজঙ্ঘা’র সাথে উৎসুক দর্শনার্থী আনন্দে মেতে উঠেন। প্রায় ১০ হাজারেরও অধিক দর্শনার্থী অনুষ্ঠানটি উপভোগ করেন।

পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান (রুবেল) ও সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন সাহানোয়ার সাইদ শাহীন। মাহমুদুল হাসান বলেন, ‘৩১ তম ব্যাচ আমাদের কাছে একটি আবেগের নাম। তাই ব্যাচের এই পুনর্মিলনীর দিনটিকে স্মরণীয় করে রাখতে ওপার বাংলার বিখ্যাত সংগীত শিল্পী অঞ্জন দত্তকে আমন্ত্রণ জানিয়েছি।’
অনুষ্ঠানের সমন্বয়ক সাহানোয়ার সাইদ বলেন, ‘সকাল সাড়ে নয়টায় র‍্যালির মাধ্যমে পুনর্মিলনীর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সাড়ে দশটায় স্মৃতিচারণ ও মিউজিক্যাল শো আয়োজিত হয়। বিকেল পাঁচটায় মুক্তমঞ্চে বন্ধুদের আড্ডার আয়োজন করা হয়। সবশেষ রাতে সেলিম আল দীন মুক্তমঞ্চে গান পরিবেশন করেন ওপার বাংলার বিখ্যাত শিল্পী অঞ্জন দত্ত।’

অঞ্জন দত্ত বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বাংলাদেশে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। এপার বাংলার লাখ লাখ দর্শক শ্রোতা রয়েছে আমার, যাদেরকে আমি ভীষণ ভালোবাসি এবং স্মরণ করি। আমি এসব মানুষের ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করি।’

উল্লেখ্য, বড় পর্দা দিয়ে ক্যারিয়ার শুরু অঞ্জন দত্তের। তখনও গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেননি। ১৯৮১ সালে মুক্তি পেয়েছিল তার প্রথম সিনেমা ‘চলচ্চিত্র’। ১৯৯৮ সালে ‘বড়দিন’ দিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন। যেটি নির্মিত হয়েছিল হিন্দি ভাষায়। অঞ্জন দত্ত পরিচালিত প্রথম বাংলা সিনেমা ‘বো ব্যারাকস ফরএভার’ মুক্তি পায় ২০০৪ সালে। পরবর্তীতে যার হাতে সৃষ্টি হয়েছে ‘ম্যাডলি বাঙালি’, ‘বোমকেশ বক্সি’, ‘আবার দেখা হবে’ প্রভৃতি চলচ্চিত্র।

অঞ্জন দত্ত মূলত সঙ্গীতের জন্যে বেশি পরিচিত। তার বিখ্যাত গানগুলির মধ্যে ‘বেলা বোস, রঞ্জনা আমি আর আসবো না’ অন্যতম। এছাড়া অভিনেতা ও চলচিত্র পরিচালক হিসেবেও রয়েছে তার খ্যাতি।

তার ছেলেবেলা কেটেছে দার্জিলিংয়ে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করেছেন। তিনি মৃণাল সেনের পরিচালিত ‘চালচিত্র’ সিনেমাতে প্রথম অভিনয় করেন। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা নবাগত অভিনেতার পুরস্কার অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights