জমি নিয়ে বিরোধ, ভাই-ভাতিজার পিটুনিতে নিহত ১
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাই-ভাতিজার পিটুনিতে একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত সাজ্জাদ হোসেন সাজু (৩৮) কাপাসিয়া থানার দস্যুনারায়ণপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
শুক্রবার কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের দস্যুনারায়ণপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম ও স্থানীয়রা জানান, গত কিছুদিন ধরে মায়ের দেওয়া এক খণ্ড জমি নিয়ে সাজুর সঙ্গে মেজো ভাই ইসমাইল হোসেনের বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে ওই জমিতে মাটি ভরাটের কাজ করছিলেন সাজ্জাদ হোসেন সাজু। এসময় সেখানে এসে তার মেজো ভাই ইসমাইল হোসেন ও তার স্ত্রী-সন্তানরা তাকে বাধা দেয়। এতে সাজুর সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের পিটুনিতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাজু। এসময় সাজুর সন্তানদের চিৎকারে স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নিহতের মা ছালেহা বেগম ও স্ত্রী আনোয়ারা বেগম জানান, সাজুর বাবা সিরাজউদ্দিন মৃত্যুর আগে ৩ শতাংশ জমি তার মা ছালেহা বেগমকে (৭০) রেজিস্ট্রি করে দিয়েছিলেন। তার বাবার মৃত্যুর পর বড় ছেলে ইব্রাহিম ও ছোট ছেলে সাজু মায়ের দেখাশোনা করলেও মেজো ছেলে ইসমাইল কোন খোঁজ খবর রাখেনি। এ কারণে মা ছালেহা বেগম তার বড় ছেলে ইব্রাহিম ও ছোট ছেলে সাজুকে স্বামীর দেয়া ওই তিন শতাংশ জমি সমান ভাগে রেজিস্ট্রি করে দেন। মায়ের দেওয়া ওই জমিতে সাজু মাটি ভরাট করতে গেলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
সাজুর চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, বিরোধপূর্ণ জায়গা নিয়ে অনেকবার স্থানীয়ভাবে সালিশি করা হয়েছে এবং এ জমিতে ইসমাইলকে যেতে নিষেধ করা হয়েছে। কিন্ত ইসমাইল এ জায়গা দখলের জন্য প্রায়ই পাঁয়তারা করতো। মৃত সাজুর পাঁচ মেয়ে ও ১ ছেলে রয়েছে।
