কবর খুঁড়ে মৃত নারীর পাশে বসে ছিলেন যুবক, অতঃপর…
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরের মেট্রোপলিটন হারাগাছ থানা এলাকায় কবরস্থানে এক মৃত নারীর কবর থেকে সফিকুল ইসলাম (২২) নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে তাকে গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
আটক সফিকুল ইসলাম উপজেলার হারাগাছ পৌর এলাকার ধুমেরকুঠি পশ্চিমপাড়া গ্রামের আবুজারের ছেলে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ওসি রেজাউল করিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয় লোকজন সরকারি কবরস্থানে একজন নারীর কবরের এক পাশের মাটি খোঁড়া দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোজনের সহযোগিতায় সফিকুল ইসলামকে এক নারীর কবরের ভিতর থেকে টেনে বের করে।
সারাই ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম বলেন, শুক্রবার সকালে স্বজনরা কবর জিয়ারত করতে গিয়ে কবরের মাটি খোঁড়া এবং মানুষের গোঙ্গানোর শব্দ পেয়ে ভয়ে সেখান থেকে ফিরে বাড়িতে পরিবারের লোকজনকে জানায়। পরে নিহতের স্বজনরা কবরস্থানে গিয়ে কবরের ভিতরে মৃত ব্যক্তির মরদেহের পাশে ওই যুবককে বসে থাকতে দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়।
রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, সফিকুল ইসলাম কি উদ্দেশ্যে এবং কি কারণে এমন করল তা এখনও জানা যায়নি। এ ঘটনায় ধর্মানুভূতিতে আঘাত এবং কবরস্থানে অনধিকার প্রবেশ করে মৃতদেহের অসম্মান করার অপরাধে মামলা হয়েছে। আটক সফিকুল এলাকায় বাউরা নামে পরিচিত। তাকে গ্রেফতার দেখিয়ে সন্ধ্যায় আদালতে পাঠানো হয়েছে।
