জিম্বাবুয়েকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন আফগানিস্তান
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। ৭ উইকেটের দাপুটে জয়ে চ্যাম্পিয়ন হয়েছে আফগানরা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। আগে ব্যাটিংয়ে নেমে ১৬৯ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। অধিনায়ক সিকান্দার রাজা ৮৩ বলে ৬৮ রান করেছেন। ৪৫ বলে ৩১ রান করেন রায়ান বার্ল। আর কেউ ২০ রানও করতে পারেননি। তাদিওয়ানাশে মারুমানি ১১ বলে ১২ রানের ইনিংস খেলেছেন। দুই অঙ্ক কেবল ৩ জন ছুঁয়েছেন।
আফগানিস্তানের হয়ে ৩ উইকেট শিকার করেছেন রশিদ খান। ২টি করে উইকেট নেন মোহাম্মদ নবী, ফজলহক ফারুকী এবং বিলাল সামি। ১ উইকেট তোলেন আজমতউল্লাহ ওমরজাই।
জবাব দিতে নেমে রহমানউল্লাহ গুরবাজ এবং ইবরাহিম জাদরানের ব্যাটে ৬৮ রান তোলে আফগানিস্তান। ৩১ বলে ৩৬ রানের ইনিংস খেলে বিদায় নেন গুরবাজ। আরেক ওপেনার ইবরাহিম এক প্রান্ত ধরে খেলে গেছেন। হাঁকান দারুণ এক ফিফটিও।
বাকিদের মধ্যে ফিফটির খুব কাছে গিয়ে ফিফটি মিস করেছেন অধিনায়ক রহমত শাহ। ৬৩ বলে ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ইবরাহিম। ৯৬ বলে ৭০ রান করে অপরাজিত ছিলেন আফগান ওপেনার। ৯৩ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে আফগানিস্তান। ঘরে তুলেছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ট্রফিও। জিম্বাবুয়ের হয়ে ২ উইকেট নেন নিউম্যান নিয়ামহুরি। ১ উইকেট তুলেছেন ওয়েসলি মাধেভেরে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৪৩.৩ ওভারে ১৬৯ (বেনেট ৯, মারুমানি ১২, সিগা ৪, টেইলর ৭, রাজা ৬৮, বার্ল ৩১, মাধেভেরে ৩, ইভান্স ১, নিয়ামুরি ০, মাসাকাদজা ৮, মুজারাবানি ১৭*; ফারুকি ৭-০-৪১-২, ওমারজাই ৫-১-৬-১, সামি ৫.৩-০২৭-২, গাজানফার ৬-০-২৪-০, রিশাদ ১০-০-৪১-৩, নাবি ১০-১-২৫-২)
আফগানিস্তান: ৩৪.৩ ওভারে ১৭০/৩ (গুরবাজ ৩৬, ইব্রাহিম ৭০*, আটাল ৬, রেহমাত ৪৩, শাহিদি ৭*; মুজারাবানি ৬-০-২৩-০, ইভান্স ৬-০-৪২-০, নিয়ামুরি ৬-০-৩০-২, মাসাকাদজা ৬-০-২৯-০, বার্ল ৬-০-১৯-০, রাজা ৩-০-১৭-০, মাধেভেরে ১.৩-০-৮-১)
ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ইব্রাহিম জাদরান
ম্যান অব দ্য সিরিজ: ইব্রাহিম জাদরান
