জুনিয়র বৃত্তি পরীক্ষায় কুরতুবী আলিম মাদরাসার অনন্য সাফল্য
টাঙ্গাইল প্রতিনিধি
২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় টাঙ্গাইলের কুরতুবী আলিম মাদরাসা অসাধারণ সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৩৬ জন শিক্ষার্থীর প্রত্যেকেই বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ২১ জন ট্যালেন্টপুলে এবং ১৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
এছাড়া, মাদরাসার এবতেদায়ী (প্রাথমিক) শাখা থেকেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে। সেখানে ২৯ জন শিক্ষার্থীর মধ্যে ৬ জন ট্যালেন্টপুলে এবং বাকি ২৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
একই প্রতিষ্ঠানের সখীপুর শাখা থেকেও ৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। সব মিলিয়ে টাঙ্গাইল জেলায় সর্বোচ্চ ৭৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে কুরতুবী আলিম মাদরাসা জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে।
এই অসাধারণ অর্জনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন কুরতুবী শিক্ষা পরিবারের চেয়ারম্যান হারুনুর রশীদ খান। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও একনিষ্ঠ পরিশ্রমের ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে।
