জুলাই গণঅভ্যুত্থান একলা কোনো দলের না: ভূমি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান একলা কোনো দলের না, এটা সমষ্টিগতভাবে পুরো বাংলাদেশের। দেশকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘুরে দাঁড়ানোর জন্য এ অভ্যুত্থানের প্রয়োজন ছিল।
শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘ফ্যাসিবাদ, জুলাই বিপ্লব ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর হেলাল উদ্দীন আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক বাংলাদেশের ১৮ কোটি জনগণ। তারা যেদিন মনে করেছে আর এ নির্যাতন নয়, আর এ দুঃশাসন নয়, আর এ স্বৈরাচারী সরকারের অধীনে থাকা নয়, আর নয় কোনো পার্শ্ববর্তী দেশের তাঁবেদারি করা; সেদিনই জুলাই অভ্যুত্থানের চূড়ান্ত ফলাফল এসেছে।’
ভূমি প্রতিমন্ত্রী আরও বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান হচ্ছে সেই বিস্ফোরণ, যেই বিস্ফোরণ বিগত দুঃশাসনের ১৭ বছর জগদ্দল পাথরের মতো বাংলাদেশিদের ওপর এবং বাংলাদেশের ওপর চেপে ছিল। এই ১৭ বছরের গুম, খুন, হত্যা, পাশবিক নির্যাতন, মিথ্যা মামলাসহ লাখ লাখ বিএনপি নেতাকর্মী-সমর্থকদের অত্যাচার করা হয়। একই সঙ্গে সরকারবিরোধী সব জাতিগোষ্ঠী, পেশার মানুষকে— বিশেষ করে সাংবাদিকদের তারা অন্যায়ভাবে, বর্বরোচিত নির্যাতন করেছে। এসবেরই বিস্ফোরণ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান। এই মুক্তিটা একলা কোনো দলের না, এটা সমষ্টিগতভাবে পুরো বাংলাদেশের।
চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ ও যুগ্ম সম্পাদক মিয়া মোহাম্মদ আরিফের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নসরুল কাদির, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মুস্তফা নঈম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার।
