জেলা হাসপাতালেই হৃদযন্ত্র প্রতিস্থাপন, কেরালার অনন্য রেকর্ড

অনলাইন ডেস্কএক অনন্য মাইলফলক স্থাপন করল ভারতের কেরালা। সোমবার কোচির এরনাকুলাম জেনারেল হাসপাতালে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সফলভাবে হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয়েছে। এই যুগান্তকারী অস্ত্রোপচারের মাধ্যমে কেরালা প্রমাণ করেছে, অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব।

দুর্গা নামের এক নেপালি নারীর শরীরে এই জটিল অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচারের পর তাকে বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। অস্ত্রোপচারে নেতৃত্ব দেওয়া চিকিৎসক দলটি রোগীর শারীরিক অবস্থা নিয়ে অত্যন্ত আশাবাদী এবং তারা জানিয়েছেন দুর্গা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। এর আগে হৃদযন্ত্র প্রতিস্থাপনের মতো জটিল প্রক্রিয়াগুলো সাধারণত বড় বড় বেসরকারি হাসপাতাল কিংবা বিশেষায়িত সরকারি ইনস্টিটিউটে সীমাবদ্ধ ছিল, কিন্তু জেলা স্তরের হাসপাতালে এমন কৃতিত্ব ভারতে এই প্রথম।

এই মহৎ কাজের নেপথ্যে রয়েছে শিবু নামের এক ব্যক্তির পরিবারের নিঃস্বার্থ ত্যাগ। কোল্লাম জেলার চিরাক্কাল নিবাসী ৪৭ বছর বয়সী শিবু সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিরুবনন্তপুরম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাকে চিকিৎসকরা ‘ব্রেইন ডেড’ ঘোষণা করার পর তার পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নেয়। শিবুর হৃদযন্ত্র ছাড়াও লিভার, কিডনি, কর্নিয়া, ত্বক এবং হার্ট ভালভ দান করা হয়েছে। তার দান করা লিভার এবং একটি কিডনি ইতোমধ্যে কিমস হাসপাতালে অন্য রোগীদের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এই ঐতিহাসিক সাফল্যের জন্য চিকিৎসক দল এবং দাতা শিবুর পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। তিনি জানান, কেরালা সরকার জনস্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। এই ঘটনা সেই প্রচেষ্টারই এক সার্থক রূপ। দেশের অন্যান্য প্রান্তের সরকারি হাসপাতালগুলোর জন্য কেরালা এই অর্জনের মাধ্যমে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।

চিকিৎসকদের মতে, এই সাফল্য কেবল একটি অস্ত্রোপচার নয় বরং এটি সাধারণ মানুষের মধ্যে অঙ্গদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

সূত্র: গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights