জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, পিআর সিস্টেমে নির্বাচন হলে আদর্শভিত্তিক ও মার্কাভিত্তিক নির্বাচন হবে। প্রত্যেক আদর্শের মানুষ তাদের প্রতিনিধির মাধ্যমে সংসদে কথা বলতে পারবেন। গোটা বাংলাদেশের যারা জ্ঞানী, তারাই পিআর সিস্টেমে নির্বাচন চায়। আমরা ২০১৮ সালের নির্বাচনি ইস্তেহারেও এ কথা উল্লেখ করেছিলাম। সেই সময় কয়েকজন নির্বাচন কমিশনারও এর পক্ষে মতামত দিয়েছিলেন।

শনিবার বিকেলে বেলকুচি উপজেলার বওড়া কওমী মাদ্রাসার হলরুমে জাতীয় ওলামা মাশায়েক আয়েনমা পরিষদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম বলেন, বর্তমান পদ্ধতির নির্বাচনে অবৈধ টাকার মালিক, গুন্ডা, ডাকাত ও চাঁদাবাজরা এমপি নির্বাচিত হয়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অবৈধ টাকার ছড়াছড়ি থাকবে না। এদেশের জন্য পিআর পদ্ধতি সবচেয়ে নিরাপদ। এ পদ্ধতিতে নির্বাচন হওয়ার পর মেধাবী, আদর্শবান ও চরিত্রবান ব্যক্তিরা এমপি মনোনীত হবেন। পিআর পদ্ধতির সরকারের আমলে রাজপথে কোনো আন্দোলন সংগ্রাম হবে না। সকল প্রকার কথা হবে সংসদে।

জাতীয় ওলামা মাশায়েক আয়েনমা পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি মাওলানা সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মো. নুরুন নবী, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক মুফতি মুহিব্বুল্লাহ, জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুস সামাদ ও জাতীয় ওলামা মাশায়েক আয়েনমা পরিষদ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোতালেবুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights