জ্বালানি সংকটে হাতিয়ায় স্পিড বোট চলাচল বন্ধ, যাত্রী ও ব্যবসায়ীদের ভোগান্তি
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়াতে নদীপথে দ্রুতগামী স্পিড বোট চলাচল জ্বালানি তেলের সংকটের কারণে বন্ধ হয়ে গেছে। গত দুই দিন ধরে চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাট রুটে স্পিড বোট না চলায় সাধারণ যাত্রী, শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, কিছু ব্যবসায়ীরা কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করেছে, যার ফলে স্পিড বোট চলাচল বন্ধ রয়েছে। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাট রুটটি দ্বীপাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; প্রতিদিন শত শত যাত্রী দ্রুত যাতায়াতের জন্য এই স্পিড বোটের ওপর নির্ভরশীল। তবে চলতি সংকটের কারণে অনেককে বিকল্প ধীরগতির নৌযান ব্যবহার করতে হচ্ছে, ফলে সময় বেশি লাগছে এবং দুর্ভোগ বেড়েছে।
নলচিরার স্থানীয় বাসিন্দা রুহুল আমিন জানান, জরুরি কাজে জেলা শহর মাইজদীতে যাতায়াত করতে স্পিড বোটের উপরই নির্ভর করেন। এখন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে এবং নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে।
স্পিড বোট চালক মনির হোসেন বলেন, ঈদ সামনে থাকলেও স্পিড বোট বন্ধ থাকায় তাদের কয়েকদিন ধরে কোনো আয়-রোজগার নেই। সারাবছর কষ্ট করে পরিবারের জন্য কাজ করি, কিন্তু এখন আয় বন্ধ হওয়ায় ঈদের নতুন কাপড়ও কিনতে পারছি না। পুরো পরিবার আমার উপার্জনের ওপর নির্ভর করে।
হাতিয়া চেয়ারম্যান ঘাটের জ্বালানি তেল ব্যবসায়ী এস এম চৌধুরী ট্রেডার্সের মালিক জাফর চৌধুরী দিনু জানান, ৮–৯ দিন আগে ডিপো থেকে তেল আনার জন্য তারা গাড়ি পাঠিয়েছিলেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিপত্র ছাড়া তেল দেওয়া হয়নি।
নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের জীবনযাপন ব্যাহত করছে। স্পিড বোট ও অন্যান্য নৌযান বন্ধ থাকায় যাত্রী পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তিনি আশ্বাস দেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
