ঝালকাঠিতে এইচভিপি টিকাদান কার্যক্রমের উদ্বোধন
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচভিপি টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের কালেক্টরেট স্কুলে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
সিভিল সার্জন ডাক্তার এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন।
আয়োজকরা জানান, জরায়ুমূখ ক্যান্সার প্রতিরোধের জন্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচভিপি) টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। এ টিকা জরায়ুমুখ ক্যান্সার রোগের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এক ডোজ এইচভিপি টিকা প্রদানের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।
জানা গেছে, জেলার ৩২ হাজার ৪৫২ কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পঞ্চম থেকে নবম শ্রেণিতে অধ্যায়নরত সকল ছাত্রীকে আজ থেকে ৭ নভেম্বর এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের ৯ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এই টিকা দেয়া হবে।
