ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদাতবার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যদিয়ে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
বুধবার সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে মুক্তিযোদ্ধা সংসদ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. নোমান হোসেন সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আব্দুল মজিদ মাস্টার, সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, বাসন জেলা কমিটির আহ্বায়ক এ্যাড. আসাদুল ইসলাম আসাদ, সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল এনাম পল্লব, জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক নেহাল আহমেদ সোহেল প্রমুখ। সভায় বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের বীরত্বগাঁথা নিয়ে আলোচনা ও স্মৃতিরোমন্থন করেন বীর মুক্তিযোদ্ধারা।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশের সকল প্রয়াত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনায় এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করেন ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. সাইদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights