ঝিলমিল প্রকল্পে ১৫ গাড়ি চালকের নামে বরাদ্দকৃত প্লট বাতিল

অনলাইন ডেস্ক

রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পে ১৫ জন গাড়ি চালকের নামে বিধিমালার ব্যত্যয় ঘটিয়ে বরাদ্দকৃত প্লটের বরাদ্দ বাতিল করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. নুরুল আমিনের স্বাক্ষরিত পত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে জরুরীভিত্তিতে এসকল প্লট বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গাড়ি চালক মো. বোরহান উদ্দিন এবং মো. বেলাল হোসেনের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট, গাড়ি চালক মো. সাইফুল ইসলাম ও মো. সফিকুল ইসলামের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট, গাড়ি চালক মো. মতিউর রহমান ও মো. নুর হোসেন ব্যাপারীর নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট, গাড়ি চালক মো. মাহবুব হোসেন ও মো. শাহীনের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট, গাড়ি চালক মো. মিজানুর রহমান ও মো. বাচ্চু হাওলাদারের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট, গাড়ি চালক মো. নুরুল ইসলাম ও মো. রাজন মাদবরের নামে বরাদ্দকৃত ৩ কাঠার প্লট এবং গাড়ি চালক মো. নুরুল আলম, মো. নুর নবী ও মো. শাহীনের নামে বরাদ্দকৃত ৫ কাঠার প্লট বরাদ্দ বাতিল করা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ১৫ জন গাড়ি চালকের নামে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দের বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে গঠিত দু’টি তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।

দাখিলকৃত প্রতিবেদনে দেখা যায়, আবেদনকারীরা ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দের আবেদন না করেও সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের লিখিত নির্দেশনা অনুযায়ী ঝিলমিল আবাসিক প্রকল্পে নির্ধারিত কোটার সীমা অতিক্রম করে এবং বিধিমালার ব্যত্যয় করে নিয়মবহির্ভূতভাবে তাদের নামে প্লট বরাদ্দ হয়েছে।

দু’টি তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে ১৫ জন গাড়ি চালকের নামে প্রদত্ত সাময়িক বরাদ্দের আদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে। -বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights